আইপিএলের পর্দা উঠছে মরু শহরে

মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মাথা, বিরাট কোহলির বিধ্বংসী আবেগ আর রোহিত শর্মার মনোমুগ্ধকর ব্যাটিং আবার ফিরছে। ভারতের শুধু নয়, বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএলের পর্দা উঠছে আজ। অনেক কাঠখড় পুরিয়ে অবশেষে এ বছরের আসর মাঠে গড়াচ্ছে। ভারতের বদলে সেটি গড়াচ্ছে ভিনদেশে, মরু শহরে।

করোনা পরিস্থিতির কারণে টুর্নামেন্টই বাতিল হওয়ার পথে ছিল। কিন্তু বিশ্বের তামাম ক্রিকেটভক্তদের মন রক্ষা করে জনপ্রিয় টুর্নামেন্টটি অবশেষে হচ্ছে। ৮ ফ্র্যাঞ্চাইজির আসর। শুরুতেই হেভিওয়েটদের ম্যাচ করোনায় ক্ষতিগ্রস্ত আইপিএলের আসরকে আরও আকর্ষণীয় করে তুলছে। আরব আমিরাতের আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ছোট করে বললে লড়াইটা রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিং ধোনির। এ যেন গতবারের ফাইনাল।

এপ্রিল-মেতে হওয়ার কথা থাকলেও করোনার কারণেই আসরটি পিছিয়ে সেপ্টেম্বরে চলে আসে। ভারত ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করেছিল আসরটি দেশের মাটিতে আয়োজনের। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হতে থাকায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। তাই বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতে পুরো আসর করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এ নিয়ে তৃতীয়বার আইপিএল ভারতের বাইরে হচ্ছে। তাই ভারতের জন্য এবারের আইপিএল ‘টিভিকেন্দ্রিক’। তবুও মাঠের দর্শক বাদে ভারতের শুধু নয় ক্রিকেট বিশ্বের পুরোটাই আগামী ৫৩ দিন আইপিএলকেন্দ্রিক হয়ে যাবে।

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দর্শকদের দুর্ভাগ্য যে নিজেদের মাঠে এমন একটি আসর হলেও গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই তাদের। রুদ্ধদ্বার আসর তাই এবার নতুন আমেজ নিয়ে আসবে। তাতে ধোনির চেন্নাই, কোহলির বেঙ্গালুরু ও রোহিতের মুম্বাইয়ের পাশাপাশি তরুণ লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব, নতুন উদ্যমে গঠিত দিল্লি ক্যাপিটালস, ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ আর শক্তিশালী বিদেশিতে ভরপুর রাজস্থান রয়্যালসের মধ্যেই আসল লড়াই জমবে।

ভারতের মাঠের যে আমেজ তা তো থাকছেই না। খোদ ক্রিকেটাররাই দর্শকদের গগনবিদারী চিৎকার মিস করবেন। অবশ্য তাদের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থা রাখা হয়েছে। ফুটবলের মতো ক্রিকেটেও ভার্চুয়াল দর্শকদের উল্লাসের শব্দ থাকবে আইপিএলে। রোহিত, ধোনি বা ক্রিস গেইলের আকাশচুম্বী ছক্কাগুলোয় দর্শক নয় এবার আওয়াজ তুলবে বাউন্ডারি লাইনে থাকা সাউন্ডবক্স।

বরাবরের মতো সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই আবারও আসরের ফেভারিট। রোহিত, পান্ডিয়া ভাইয়েরা, কাইরন পোলার্ড, ডেথ ওভারে বিশ্বের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ মিলিয়ে দারুণ দল তারা। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধোনির চেন্নাই। তৃতীয় শিরোপার খোঁজে থাকা দলটি এক ধোনির কারণেই যেকোনো ম্যাচে এগিয়ে থাকে। এ ছাড়া দুর্মূল্য অভিজ্ঞতা আছে তাদের শেন ওয়াটসন, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসি ও রবীন্দ্র জাদেজা সব সময়ের ম্যাচউইনার। ক্রিকেটারের ওজন হিসেবে এরপরেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২ আসরে একটিও শিরোপা না জেতা কোহলি আবারও নিজের আক্ষেপ মেটাতে নামবেন। নতুন মালিকের অধীনে বদলে যাওয়া দিল্লি ক্যাপিটালস গতবার তৃতীয় হয়ে আসর শেষ করে। তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলটি রিশভ পান্ত ও পৃথ্বি শ’র মতো প্রতিভাবান তরুণে ভরপুর। এ ছাড়া এবার অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিনও যোগ দিয়েছেন। পাঞ্জাব দলের সেরা বিজ্ঞাপন ক্রিস গেইল, তবে গ্লেন ম্যাক্সওয়েল, পেসার মোহাম্মদ শামি ও লোকেশ রাহুলদের নিয়ে গড়া দলটিও বেশ শক্ত। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও রশিদ খান ছাড়া এবার হায়দরাবাদে নামি তারকা নেই। আর রাজস্থানে ভারতীয় তারকা ক্রিকেটারের অভাব থাকলেও জস বাটলার, বেন স্টোকস ও স্টিভেন স্মিথদের মতো বিদেশি নিয়ে দলটি ভালো কিছুর অপেক্ষায় আছে।