বার্সাকে দেখে নেবেন সেতিয়েন

লিওনেল মেসি প্রিয় ক্লাব বার্সেলোনাকে ভালোবাসেন বলে আদালতে যাননি। তাই শেষ পর্যন্ত অন্তত আরও এক বছর কাতালুনিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মেসিকে বলা হয় বার্সার ঘরের ছেলে। তাই মেসির মতো সবাই যে ক্লাবটিকে ভালোবাসবেন তা তো নয়। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর বরখাস্ত হন কোচ কিকে সেতিয়েন। কিন্তু ছাঁটাইয়ের কাগজ দেরিতে পাওয়া এবং শর্ত ভঙ্গের অভিযোগ করে বার্সাকে আদালতে নেওয়ার হুমকি দিলেন সদ্য সাবেক হওয়া এই কোচ।

সাত মাস দায়িত্বে ছিলেন সেতিয়েন। এরপর গত ১৭ আগস্ট তাকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় বার্সেলোনা। বরখাস্ত হওয়ার কথা প্রকাশ্যে জানালেও দীর্র্ঘদিন ধরে তাকে আনুষ্ঠানিকভাবে তা জানায়নি ক্লাব। অবশেষে গেল বুধবার জানালেও সেতিয়েনের সঙ্গে করা চুক্তির কিছু শর্ত ভেঙেছে ক্লাবটি। যে কারণে বার্সার বিপক্ষে অবস্থান নিয়েছেন সেতিয়েন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে ছাঁটাই করে দেওয়ায় ৪ মিলিয়ন ইউরো দাবি করেছেন সেতিয়েন। সেতিয়েনের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি ছিল বার্সার।