গাজীপুরে চুরির অভিযোগে চাকরি হতে বরখাস্ত করার ক্ষোভ থেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার তিন বছরের শিশুকে অপহরণ করেছে এক যুবক। পরে অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক এবং অপহৃত শিশুকে উদ্ধার করে র্যাব। আটক ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (১৮)। সে এলএফ সিকিউরিটি নামে একটি প্রতিষ্ঠানের পিয়ন। তার বাড়ি শেরপুর সদরের ডুবাচর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান র্যাবকে জানায়, সে গাজীপুর মহানগরীর ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের পাশে অবস্থিত এলএফ সিকিউরিটি নামক প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করত এবং অপহৃত শিশুর পরিবারের সঙ্গে তাদের পরিবার একই বাড়িতে ভাড়া থাকত। শিশুর বাবাও ওই প্রতিষ্ঠানের রিক্রুটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চার দিন আগে প্রতিষ্ঠান থেকে চুরির দায়ে তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়। অফিসে চুরির দায়ে চাকরি থেকে রেব করে দেওয়ার ক্ষোভ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী শিশু নিশাতকে বৃহস্পতিবার সকালে অপহরণ করে কালিয়াকৈরে নিয়ে যায় এবং মুক্তিপণবাবদ ৩ লাখ টাকা দাবি করে।
র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন গতকাল শুক্রবার দুপুরে জানান, গত বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরীর আউটপাড়া এলাকার ভাড়াটিয়া মো. বকুল মিয়ার একমাত্র শিশুসন্তান নিশাত বাবু (৩) নিজ বাসা হতে অপহৃত হয়। এ ঘটনায় একইদিন দুপুর আড়াইটার দিকে শিশুর বাবা বাসন থানায় অভিযোগ করেন। পরে শিশুর বাবার মোবাইল ফোনে অজ্ঞাতনামা নাম্বার থেকে তার শিশুসন্তানকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে।
পরে অপহৃতের বাবা বিষয়টি র্যাবকে জানালে র্যাব ওইদিন রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোস্তাফিজুর রহমানকে আটক এবং তার কাছ থেকে অপহৃত শিশু নিশাতকে উদ্ধার করা হয়।