অননুমোদিত খাদ্যের রং, পেঁয়াজের দাম বৃদ্ধি ও বাসি খাবার বিক্রির দায়ে নগরীতে চার প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল শুক্রবার সকালে নগরীর আকবরশাহ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযানে আকবর শাহ্ কর্নেলহাটের জামাল অ্যান্ড ব্রাদার্সকে মূল্য তালিকায় পেঁয়াজের মূল্য উল্লেখ না থাকায়, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ এবং অননুমোদিত রং ও কেমিক্যাল (হাইড্রোজ) বিক্রির অপরাধে ৫৫ হাজার টাকা, এনএ এন্টারপ্রাইজকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার, রাম ভান্ডারকে একই অপরাধে ৩ হাজার এবং অক্সিজেন মোড় বাজারের এসএস ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ফ্রিজে বাসি খাবার রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বাজার তদারকিমূলক অভিযানে গিয়ে বিভিন্ন অনিয়ম এবং অননুমোদিত রং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার প্রমাণ মেলে। ওসব পণ্য ধ্বংস করা হয়। চারটি প্রতিষ্ঠানকে মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অননুমোদিত কেমিক্যাল বিক্রির অপরাধে জামাল ব্রাদার্সকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।