পেঁয়াজের ঝাঁজ বাড়লেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাল। মাত্র এক দিনের ব্যবধানে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। এক দিন আগে বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ৮০-৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের যেসব অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন হয় সেসব অঞ্চলে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরবরাহ কমায় কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে বেশকিছু দিন ধরেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ার কারণে আমদানিকারকরা বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন। গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ২৩টি ট্রাকে ১৩১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্য বন্দরগুলো দিয়েও কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় ও গতকাল সারা দিন বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে কাঁচামরিচ সরবরাহ করা হতো ওইসব মোকামগুলোতে চাহিদা না থাকায় দাম কমতে শুরু করেছে।