সাভারে অপহৃত শিশু রংপুরে উদ্ধার, গ্রেপ্তার ২

সাভার থেকে অপহরণের চার দিন পর আমেনা খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ। শুক্রবার দুপুরে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবিকারী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা থানার বারইপাড়া গ্রামের আলিয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও তার স্ত্রী বগুড়া জেলার শিবগঞ্জ থানার শোলাগাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সামসুর নাহার (৩২)।

সাভার মডেল থানার উপপরিদর্শক হামিদুর রহমান জানান, পোশাক শ্রমিক আসাদুল ইসলাম সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

গত চার দিন আগে তাদের প্রতিবেশী সামসুর নাহার আসাদুলের আড়াই বছর বয়সী কন্যা শিশুকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে আসাদুলের মোবাইলে ফোন করে মেয়েকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয়।

ওই দিনই ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন অপহৃত শিশুর বাবা আসাদুল।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিশু অপহরণ এবং মুক্তিপণের বিষয়টি আমাদেরকে জানানো হলে বিষয়টি গুরুত্ব দিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধারে রংপুর, নীলফামারী, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টানা তিন দিনের অক্লান্ত পরিশ্রমের তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর মডার্ন মোড় এলাকায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শুক্রবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু আমেনা খাতুনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে ঢাকায় এনে শুক্রবার রাতে তার বাবা মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।