বাস্তব কাহিনিতে সিরিজ ‘দ্য মার্ডারস অ্যাট হোয়াইট হাউস ফার্ম’

এইচবিও প্রকাশ করেছে বাস্তব কাহিনি থেকে নির্মিত ক্রাইম-ড্রামা লিমিটেড সিরিজ ‘দ্য মার্ডারস অ্যাট হোয়াইট হাউস ফার্ম’-এর ট্রেলার। টানটান উত্তেজনায় এতে তুলে ধরা হয়েছে গত ত্রিশ বছরে অন্যতম আলোচিত অপরাধের গল্প।

বছরের শুরুতে যুক্তরাজ্যে ৬ পর্বের সিরিজটি প্রচার হলেও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সের মাধ্যমে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ছে। ২৪ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ‘দ্য মার্ডারস অ্যাট হোয়াইট হাউস ফার্ম’।

১৯৮৫ সালের আগস্টে এসেক্সের হোয়াইট হাউস ফার্মে ব্যাম্বার-ক্যাফেল পরিবারের তিন প্রজন্মের সদস্য খুন হয়।

শুরুতে ভাবা হয়, নেভিল ও জুন ব্যাম্বারের পালিত মেয়ে শিলা ক্যাফেল সবাইকে খুনের পর আত্মহত্যা করেন। এই তরুণী অনেক দিন ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।

কিন্তু সপ্তাহখানেক পর অভিযোগের তীর ঘুরে যায় ব্যাম্বারদের বেঁচে যাওয়া ছেলে জেরেমির ওপর। পরে পাঁচজনকে খুনের অভিযোগ প্রমাণিত হয়।  

প্রাথমিক প্রমাণে জানা যায়, জেরেমি হত্যাকাণ্ডের সময় খামার থেকে অনেক দূর ছিলেন। কিন্তু তার সাবেক-প্রেমিকার কথার সূত্র ধরে অন্য ধরনের রহস্যের গন্ধ খুঁজে পান তদন্তকারীরা। উঠে আসে একটি পরিবারের ভেতরকার টানাপোড়েনের গল্প।

এই সিরিজে দুই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন স্টিফেন গ্রাহাম ও মার্ক অ্যাডি। তারা চোখে দেখা প্রমাণে বিশ্বাস না করে ধীরে ধীরে উন্মোচন করেন আসল গল্প। তবে দুই গোয়েন্দার চরিত্রায়ন নিয়ে অনেক সমালোচনাও জুটেছে।