‘ঘুষের প্রস্তাব দেওয়ায়’ মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড

এক পুলিশ সদস্যকে ১ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি প্রবাসী আরিফুলকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার আদালত। একই সঙ্গে তাকে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে।

মালয়েশিয়ান গণমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে, শুক্রবার থেকে সেশন কোর্ট বিচারকের দেয়া এই সাজা শুরু হয়েছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ১৭ (বি) ধারায় আরিফুলের সাজা হয়েছে।

বিচারক বলেছেন, ‘অভিযুক্ত ব্যক্তি জরিমানা দিতে ব্যর্থ দিলে তাকে আরও তিন মাস জেলে থাকতে হবে।’

স্টার জানিয়েছে, আরিফুলকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকার মতো জরিমানা দিতে হবে!

মালয়েশিয়ান পুলিশের দাবি, আরিফুল গত ৬ তারিখ পৌনে দশটার দিকে ১৩ কার্টন অবৈধ সিগারেট বহনের সময় ধরা পড়েন। তখন তিনি এক পুলিশকে ঘুষের প্রস্তাব দেন।

এমএসিসি ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুরুল ওয়াহিদা জালালউদ্দিনের মামলা চালানোর সময় আরিফুল উপস্থিত ছিলেন না।