রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে বাসার সামনেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্তার হোসেন সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
আক্তার হোসেন গোলাপবাগে যাতায়াত পরিবহনের বাস কাউন্টারে ম্যানেজার ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা টাকাভর্তি একটি হাতব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এরপর চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
ভাতিজা ইয়াসিন সুলতান রাকিব জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তার চাচা আক্তার হোসেন বাসা থেকে বের হন গোলাপবাগ বাস কাউন্টারে যাওয়ার জন্য। ২টি বাসা অতিক্রম করার পরই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ভর্তি হাত ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজন তাকে পড়ে থাকতে দেখে চিনতে পেরে বাসায় খবর দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। তার ব্যাগে কাউন্টারের আনুমানিক ২০/৩০ হাজার টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে।