গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শাহজাহান জানান, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় গত শুক্রবার রাত দেড়টার দিকে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দিনাজপুর যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে এসে এটি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে ওই ট্রেনটি উদ্ধার করলে গতকাল ভোরে সেটি গন্তব্যের উদ্দেশে চলে যায়। ট্রেন চলে যাওয়ার পর উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শেষ করলে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।