নারী সাংবাদিক ও নারী চিকিৎসককে সাইবার পর্ণগ্রাফির মাধ্যমে ব্ল্যাকমেইলকারী মো. সবুজ প্রামাণিককে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল।
শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উত্যক্ত করার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়, সবুজ বেশ কিছুদিন থেকে কুড়িগ্রাম ও টাংগাইল থেকে এই সাংবাদিক ও চিকিৎসকসহ অনেক নারীকে ব্ল্যাকমেইল করে আসছিল।
সবুজ বিভিন্ন নারীদের দৈবক্রমে ফোন করে বলতেন যে, তার কাছে সেইসব নারীর ব্যক্তিগত ও গোপন ভিডিও রয়েছে। এইভাবে তাদেরকে ক্রমাগত হয়রানি করতেন ও তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতেন। তারা রাজি না হলে তাদের কথিত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। একাধিক নারী সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ করলে, প্রাযুক্তিক সহায়তায় সাইবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন প্রাথমিক তদন্তে জানতে পারে, সবুজের কাছে কোনো নারীরই কোনো ভিডিও নাই। তিনি ভিডিও থাকার কথা বলে ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।