দুর্ঘটনার গাড়ি উদ্ধারে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন এসআই

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে গিয়ে দুর্ঘটনায় সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

রবিবার সকাল ৬টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া এলাকার পিএইচপি গ্লাস কারখানার সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহবুবুর রহমান (৪৫)। তিনি কুমিল্লা জেলার দক্ষিণ কুমিল্লা সদর থানার ডুমুরিয়া গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বাশঁবাড়িয়া পিএইচপি গ্লাস কারখানার সামনের সড়কে একটি দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি গাড়ি।

এরপরই পুলিশের গাড়িটিকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে এসআই মাহবুব ও নোমান নামের এক কনস্টেবল আহত হন।

খবর পেয়ে পুলিশের আরেকটি গাড়ি তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত মাহবুবের পরিবারকে খবর পাঠানো হয়েছে বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন।

দুর্ঘটনায় দায়ী কাভার্ডভ্যানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।