সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেছে আইপিএল টি-টোয়েন্টির মহারণ। ত্রয়োদশ আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে উত্তর ভারতের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও কিংস এলিভেন পাঞ্জাব।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। হাই ভোল্টেজ সেই ম্যাচের আগে কে কোথায় দাঁড়িয়ে দেখে নেওয়া যাক একনজরে।
দিল্লি ক্যাপিটালস: শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সিমরন হেটমেয়ার যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জেতাতে পারেন। এছাড়া ঋষভ পন্থের উপর প্রচুর প্রত্যাশা। তার ভালো-খারাপ পারফরম্যান্স প্রভাব ফেলবে টিমে।
সবচেয়ে বড় ভরসা টপ অর্ডার ব্যাটসম্যান ও দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ওপর। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র বা অক্ষর প্যাটেলরা ম্যাচ ঘোরাতে পারেন। পেসার কাগিসো রাবাদার ওপর অতিরিক্ত নির্ভরতা ডোবাতে পারে।
কিংস ইলেভেন পাঞ্জাব: ক্রিস গেইল এবং লোকেশ রাহুলের জুটিতে শুরুতেই ঝড়ের সম্ভাবনা। দুরন্ত ফর্মে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। পেসার মহম্মদ শামির উপর বাড়তি দায়িত্ব। ফিনিশার হতে পারেন নিকোলাস পুরান।
তবে দলের স্পিনিং বিভাগে যথেষ্ট দুর্বলতা রয়েছে। মুরুগুন অশ্বিন ও মুজিব-উর-রহমান ছাড়া তেমন কেউ নেই। আর দিল্লি যেখানে সব দিক থেকে শক্তিশালী, স্পিনের দুর্বলতা যথেষ্টই ভাবাচ্ছে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল এবং কোচ অনিল কুম্বলেকে।
দলের ভারসাম্য নিয়ে অবশ্য সন্তুষ্ট পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে বলেছেন, “এবার আমাদের টিমটা অত্যন্ত ভালো। দারুণ ভারসাম্য রয়েছে। পুরো টিম আইপিএলের দিকে তাকিয়ে যথেষ্ট পরিশ্রম করেছে। ভারসাম্য যেমন আছে, অভিজ্ঞতাও আছে।”
অভিজ্ঞ কুম্বলের মনে হচ্ছে, পাঞ্জাবের মধ্যে এবারের আইপিএলে দারুণ কিছু করার মশলা আছে। তিনি বলেন, “আমরা সামনের দিকে তাকাচ্ছি। এ টুকু বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই দলের দারুণ কিছু করার সম্ভাবনা আছে।”
নিজের দলের গভীরতা প্রসঙ্গে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং বলছেন, “রাহানে আমাদের ব্যাটিং লাইনআপের গভীরতা অনেক বাড়িয়ে দিচ্ছে। এমনিতে আমাদের ব্যাটিংয়ে বৈচিত্র্য অনেক। ওপেনার শিখর ধাওয়ান ওপেনিংয়ে অন্যতম সেরা। শ্রেয়াস আছে। হেটমেয়ার আছে। অনেক অপশন, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে।”
পাশাপাশি দিল্লি ও পাঞ্জাব দুটি দলই এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। ফলে এই বছর ট্রফি খরা কাটাতে মরিয়া দুই দলের কোচ।