ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ

টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা রবিবার সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। স্কুলের সামনে সকাল ১১টায় অভিভাবকরা বিক্ষোভ করেন।

এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দিয়েছিলেন তারা। ২৬ আগস্ট স্কুলে অভিভাবকরা মানববন্ধন পালন করেন। ৩ সেপ্টেম্বর স্কুলের সামনে শতাধিক অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।

এরপর রবিবার সকাল ১১টায় শতাধিক অভিভাবক গ্রিন রোডে বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে সেন্ট্রাল হাসপাতালের কাছে গ্রিন রোডে সড়ক অবরোধ করেন তারা। অভিভাবকরা সেখানে সমাবেশ করে বক্তব্য দেন। 

তারা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকে চাকরি হারিয়েছেন। কারো মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন। 

এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ জানন তারা।
সমাবেশ শেষে অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকের সঙ্গে দেখা করেন। 

শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অভিভাবকরা স্কুলের মাসিক বেতন কমানোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। 
স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহা অভিভাবকদের দাবিগুলো নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।