কলকাতায় অনুষ্ঠিত ‘উই ফিল স্পেশাল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সর্বাধিক খেতাব অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ও মেধাবী চলচ্চিত্র নির্মাতা শারীফ অনির্বাণ। ওই উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে তার চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেরা হিসেবে মনোনীত হয়েছে। গত শনিবার আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বুধবার ভারতের কলকাতায় উৎসবটির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।
জানা যায়, শারীফের রিকশা চালক বাবার গল্প নিয়ে নির্মিত 'ইনভেস্টমেন্ট' সিনেমাটি তাকে এই উৎসবে সেরা পরিচালকের খেতাব এনে দেয়। এ ছাড়া তার অন্য তিনটি শর্টফিল্ম 'কসমোপলিটন', 'ড্রিম ড্রাইভার' এবং 'সোনার বাংলা' যথাক্রমে সেরা স্ক্রিপ্ট, সেরা আর্ট ডিরেকশন এবং সেরা সামাজিক বার্তা প্রদানের জন্য বিজয়ী হিসেবে মনোনীত হয়। বিইআরডি ল্যাব-এর ব্যানারে সিনেমা ৩টির প্রযোজনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। সহযোগী ও সহকারী পরিচালক হিসেবে ছিলেন, আহমেদ সালেকীন, নাঈম মাহমুদ, জিহাদুল ইসলাম বিপ্লব এবং মতিয়ার রহমান। ক্যামেরার সামনে ও পেছনে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী তরুণ-তরুণী। উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে যৌথভাবে মনোনীত হয়েছে ভারতের রজত তালুকদারের 'মা' এবং নেদারল্যান্ডের অগ্নিভা সেনগুপ্তের 'তারাতুম' সিনেমা দুটি।
ভারতের অন্যতম সামাজিক সংগঠন ‘উই ফিল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ব্যাপ্তি ছিল প্রায় দেড় মাস। অনলাইনে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন দেশের ২৬টি চলচ্চিত্রের বিভিন্ন কলা-কুশলীদের সম্মাননা জানানো হয়। সম্মাননা হিসেবে বিজয়ীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
উই ফিল ক্রিয়েশনের নির্বাহী প্রযোজক মিসেস দিপিকা বিশ্বাস বলেন, ‘শর্ট ফিল্ম এখন বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু বাজেট ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেক সময় নবীন নির্মাতাদের মেধা এবং কঠোর পরিশ্রম অনেক সময় নিরুৎসাহিত হয়। সংক্ষিপ্ত বাজেট আর প্রতিকূল পরিস্থিতেও যে সব ফিল্মমেকাররা এমন ছোট ছোটে প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের স্বপ্ন লালন করে চলেছেন, সেসব প্রতিভা আর কঠোর পরিশ্রমের প্রতিদান দেওয়াই আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল। স্বাধীন নির্মাতাদের অনুপ্রেরণা জোগাতে এবং চলচ্চিত্রের মাধ্যমে সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, শারীফ অনির্বাণের 'ইনভেস্টমেন্ট' শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এর আগে মিশরের ‘এএম ইজিপ্ট ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘সিলেট আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে’, 'ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ', 'মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি', 'ভারতের শিলিগুড়ি সিনে সোসাইটি' এবং 'হলিউডের পাইনস্টুডিও'-তে প্রদর্শন করা হয়। সেসব আয়োজনেও প্রশংসিত হয় এটি। এ ছাড়াও সোনার বাংলা চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে ক্যামেরার সামনে আবির্ভূত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক আবদুস সালাম। যা নাইজেরিয়ার ইন-শর্ট ২০১৮ এবং ভারতের শিলিগুড়ি সিনে সোসাইটির আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০১৮ তে অফিশিয়াল নমিনেশন পায়। শারীফ অনির্বাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচিতে অডিও ভিডিও অ্যান্ড ডকুমেন্টেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।