পিএসজির জার্সিতে ফিরেই গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। সতীর্থের গোলেও রাখলেন অবদান। ফরাসি তারকার আলো ছড়ানো দিনে নতুন মৌসুমে লিগ ওয়ানে এই প্রথম চেনা ছন্দে দেখা গেল পিএসজিকে। নিসকে হারিয়ে যারা দ্বিতীয় জয়ের দেখা পেল লিগে।
শনিবার প্রতিপক্ষের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলের জয় তুলে নিয়েছে। এমবাপ্পে ছাড়াও গোল পেয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও মারকুইনহোস।
লিগ ওয়ানে পিএসজির শুরুটা হয়েছিল বাজে। নিজেদের প্রথম দুই ম্যাচই হেরে যায় দলটি। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় রাউন্ডে মেসের বিপক্ষে জয় পায় তারা। তবে সেই জয়ও ছিল কষ্টার্জিত। ইউলিয়ান ড্রাক্সলারের শেষ মুহূর্তের গোলে জিতেছিল পিএসজি।
এদিকে এমবাপ্পে শুরুর তিন ম্যাচে খেলতে পারেননি। করোনাভাইরাস থেকে মুক্তির পর নতুন মৌসুমে এদিনই প্রথম মাঠে নামেন। দলের প্রথম গোলটিও আসে তার পা থেকে। ৩৮ মিনিটে স্পট কিক থেকে গোল আদায় করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা।
নিষেধাজ্ঞার কারণে নেইমার ছিলেন না এ ম্যাচেও। তবে তার অভাব বুঝতে দেননি অন্যরা। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান ডি মারিয়া। এমবাপ্পের শট নিস গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি শটে বল জালে জড়ান তিনি।
দলের তৃতীয় গোলটিতেও রয়েছে ডি মারিয়ার বড় অবদান। আর্জেন্টাইন তারকার ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান মারকুইনহোস। ম্যাচে এমবাপ্পের একটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে।
৪ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে উঠে এসেছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও দশ নম্বরে নিস। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেন।