রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
আদাবর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মতলবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ বছরের ওই কিশোরী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। শনিবার রাতে সে চাদ উদ্যান এলাকা থেকে সুনিবিড় হাউজিংয়ে ফিরছিলেন। রাত ১১টার দিকে ওই কিশোরীর পরিচিত সজিব (২২) নামে এক যুবক তাকে রাস্তা থেকে ডেকে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী।
তিনি আরও জানান, ধর্ষণের সময় কিশোরীর চিৎকারে সেখানে লোক জড়ো হলে কৌশলে পালিয়ে যায় সজিব। খবর পেয়ে রবিবার ভোরের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসা থেকে কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এরপর তার পরিবার বাদী হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এসআই মো. মতলবুল আলম জানান, আসামি সজিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়েছে।