প্রথমবার নকীবের সুরে সামিনা চৌধুরীর প্লেব্যাক

একাধিক জনপ্রিয় গানের সুরকার নকীব খান এই প্রথম সিনেমার গানের সুর করলেন।  অপরদিকে সামিনা চৌধুরী প্রথমবারের মতো সিনেমায় নকীব খানের সুরে গাইলেন। কৌশিক শংকর দাশের প্রথম সিনেমা ‘পাঞ্চ’-এ নকীবের সুরে সামিনার এ গানটি থাকছে। গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। গানের প্রথম লাইন এমন ‘এখনো অলস রাত বাকি’। শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পরিচালক জানান, এই প্রথম তারা দুজন কোন সিনেমায় একসঙ্গে কাজ করলেন।

কৌশিক শংকর দাশ বলেন, পাঞ্চ সিনেমায় তিনটি গানের মধ্যে দুটি গান সুর করেছেন নকীব খান। তিনি বলেন, শুরু থেকেই ঠিক করে রেখেছিলাম নকীব ভাইকে দিয়ে সুর করাবো। সামিনা আপাকে দিয়ে সেই গান গাওয়াবো। দুজনই আমার ভীষণ প্রিয় শিল্পী। তাছাড়া সিনেমায় যে মেজাজের গান প্রয়োজন, তার জন্য তাদের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয়নি।’

জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে ‘পাঞ্চ’ সিনেমায় অভিনয় করছেন নিলয় আলমগীর, মেঘলা মুক্তা, মোমেনা চৌধুরী, ফারহাদ লিমন প্রমুখ। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মোমিনুল হক এবং কৌশিক শংকর দাশ।  ২৯ জানুয়ারি থেকে ‘পাঞ্চ’ সিনেমার শুটিং শুরু করেন কৌশিক শংকর দাশ। প্রথম লটে ৯ দিনে ২০ শতাংশ শুটিং করেন। বর্তমানে করোনার কারণে শুটিং বন্ধ রয়েছে।