কক্সবাজার বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ৩ জন জেলে নিখোঁজ রয়েছে।
রবিবার রাত ৯টা পর্যন্ত ভাসমান অবস্থায় কক্সবাজার নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে, রবিবার সকালে এফবি মনোয়ারা একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন উদ্ধার হলেও ৩ জন নিখোঁজ রয়েছে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।