আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন। যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।
টানা চতুর্থবার সভাপতি পদে লড়তে যাওয়া সালাউদ্দিন এবার তার ইশতেহারে দিয়েছেন ৩৬ প্রতিশ্রুতি। ২০১৬ সালে সর্বশেষ নির্বাচনে ২৫টি প্রতিশ্রুতি ঘোষণা করেছিল সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। যার অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। এবার উল্টো বেড়েছে ১১ প্রতিশ্রুতি।
নতুন ইশতেহারে অবশ্য আছে পুরোনো অনেক প্রতিশ্রুতিই। সঙ্গে আছে আগের ব্যর্থতা ঘোচানোর প্রত্যয়। তবে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখিয়ে ‘ভিশন-২০২২’ ঘোষণা করেছিলেন কাজী সালাউদ্দিন। সেই তিনিই এবার বলেছেন ২০২৪ সালের মধ্যে জাতীয় দলকে র্যাঙ্কিংয়ে ১৫০ এর মধ্যে নিয়ে আসতে চান। উল্লেখ্য ফিফা র্যাঙ্কিংয়ে এখন ১৮৭-তে রয়েছে বাংলাদেশ।
সম্মিলিত পরিষদের এবারের ইশতেহারে থাকা প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়মিত আয়োজন, সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসের শিরোপা পুনরুদ্ধার, ঘরোয়া ফুটবল সুনির্দিষ্ট পঞ্জিকা মেনে করা, নির্দিষ্ট সময়ে দলবদল, জেলা ফুটবল লিগ নিয়মিত আয়োজন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ, পাইওনিয়র লিগ নিয়মিত আয়োজন ও ক্লাবগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা।
নারী ফুটবল উন্নয়নে নানা প্রতিশ্রুতির সঙ্গে সরকারের সহায়তায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম বৃদ্ধি করার কথাও বলেছে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। প্রতিশ্রুতিগুলো পূরণের আশার গানও শুনিয়েছেন সালাউদ্দিন। কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে পুনরায় নির্বাচিত করার।