কোনো বলিউড তারকা কত আয় করেন তা নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ। বলিউডের সিনেমায় গান বরাবরই আবশ্যিক অনুষঙ্গ। তাই বলিউডের সংগীত তারকাদের নিয়েও ভক্তের আগ্রহের কমতি নেই। জেনে নেওয়া যাক সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শিল্পীর তালিকা :
১. শ্রেয়া ঘোষাল : একটা রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে সঞ্জয়লীলা বানসালির নজরে আসেন শ্রেয়া ঘোষাল। ‘দেবদাস’ সিনেমায় গানের সুযোগ হয় তার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের সবচেয়ে জনপ্রিয় সংগীত তারকাদের একজন তিনি। সর্বকালের সেরা শিল্পীর মধ্যেও সেরা পাঁচে রয়েছে তার নাম। নানা ভাষায় গান গাওয়ার জন্যও তার পরিচিতি আছে। গত এক দশকের মতো এখনো তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রতিটি গানের জন্য শ্রেয়া নেন ২৪ লাখ টাকা।
২. হানি সিং : মাদকাসক্তের কারণে বলিউডপাড়ায় দুর্নাম আছে হানি সিংয়ের। তবুও তার গান হিট। ভারতের বাইরেও হানি সিংয়ের গানের তুমুল জনপ্রিয়তা। লাইভ কনসার্টে তার চাহিদা প্রচুর। গড়ে একটি গান বাবদ ১৮ লাখ টাকা নেন তিনি।
৩. মিকা সিং : মিকা সিংও নানা কিছু নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। শুধু সিনেমার গানে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। লাইভ কনসার্ট আর ট্যুর করেও তিনি প্রচুর টাকা উপার্জন করেন। প্লেব্যাকে প্রতি গানবাবদ ১৬ লাখ টাকা নেন মিকা। বলিউড তারকাদের এলাকায়ই বাড়ি করে থাকছেন তিনি।
৪. অরিজিৎ সিং : এখন অরিজিৎ সিংয়ের সময়। বর্তমানে সব থেকে জনপ্রিয় গায়কও তিনি। অরিজিতের গান মানেই হিট। শুধু প্লেব্যাক নয়, মঞ্চেও দারুণ জনপ্রিয়। তবে গানপ্রতি তার পারিশ্রমিক কয়েকজনের চেয়ে কম। ১৫ লাখ টাকা নেন তিনি।
৫. বাদশা : বলিউডের মুভিতেও জনপ্রিয়তা পেয়েছে র্যাপ গান। এ জাতীয় গান নিয়ে বানানো সিনেমা ‘গালি বয়’ সুপারহিট। র্যাপার বাদশা তাই শীর্ষ পারিশ্রমিক পাওয়া শিল্পীর একজন। তিনি নেন ১৪-১৫ লাখ টাকা।
৬. সুনিধি চৌহান : সুনিধি চৌহানের গলার স্বরই তার বিশেষত্ব। দীর্ঘদিন ধরে বলিউডে প্রথম সারির গায়িকাদের একজন তিনি। প্রতি প্লেব্যাক গানের জন্য ১২ থেকে ১৪ লাখ টাকা নেন। মঞ্চের রানী বলা হয় তাকে।
৭. সনু নিগম : একসময়ে সনু নিগমের গান ছাড়া বলিউডের সিনেমা ভাবাই যেত না। তার হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না। দশকের পর দশক অবস্থান ধরে রেখেছেন। প্রতি গানে ১০ লাখ টাকা নেন সনু।
৮. নেহা কক্কর : ২০০৬ সালের ইন্ডিয়ান আইডল থেকে যাত্রা শুরু নেহার। তার সংগ্রামের কথা বলিউড ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। তবে এখন নেহার গান মানেই হিট। গানপ্রতি ১০ লাখ টাকা নেন তিনি। বিচারকের আসনে তিনি পরিচিত মুখ। ইন্সট্রাগ্রামে তার ফলোয়ার সব শিল্পীর চেয়ে অনেক বেশি। এমনকি সেরা নায়িকাদের চেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশি জনপ্রিয়।
৯. সুখবিন্দর সিং : ‘ছাইয়া ছাইয়া’, ‘জয় হো’সহ অসংখ্য হিট গানের শিল্পী সুখবিন্দর সিং। বলিউডের অন্যতম শক্তিশালী শিল্পী হিসেবেও তিনি পরিচিত। একটি গানের জন্য সুখবিন্দর ৯ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক পান। একইরকম পারিশ্রমিক নেন বিশাল দাদলানি।
১০. নীতি মোহন : ক্যারিয়ারের প্রথম দিকেই কাজ করেছেন এ আর রহমানের সঙ্গে। ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার ‘জিয়া রে’ গানটি তার গলায় অন্যতম হিট। এ গায়িকা একটি গান প্লেব্যাক করতে নেন ৮ লাখ টাকা।