কারাবন্দি যুদ্ধাপরাধী এবিএম ইউনুস আলী মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার ও কারাবন্দি এবিএম ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী (৭৩) মারা গেছেন। গতকাল রবিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে মারা যান তিনি। এর আগে গত শনিবার বিকেলে অসুস্থ বোধ করলে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে আবার তাকে কারাগারে নেওয়া হয়। সেখান থেকে গতকাল সকালে ফের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কারারক্ষী মো. রেজাউল করিম জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ হয়ে পড়েন ইউনুস আলী। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, শনিবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ইউনুস আলী। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। ইউনুস আলীর বাড়ি জামালপুর সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামে। বাবার নাম মৃত আবদুল খালেক। ২০১৫ সালে মানবতাবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।