বিচারের আশ্বাসে অনশন ভাঙলেন সিপিবি নেত্রী জলি

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত দলীয় সহকর্মীর সঠিক বিচারের আশ্বাসে অনশন ভাঙলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার।

সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশনরত এই নারী নেত্রীর অনশন ভাঙান সিপিবির কেন্দ্রীয় কিমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ জ্যেষ্ঠ নেতারা।

সিপিবি নেতারা জানান, সন্ধ্যায় দিকে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ জ্যেষ্ঠ নেতারা কার্যালয়ে গিয়ে জলি তালুকদারের অনশন ভাঙান। এইকসঙ্গে সিপিবির ঢাকা মহানগর কমিটির নেতা জাহিদ হোসেন খানের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ দলের কেন্দ্রীয় কমিটিতে শুনানি এবং বিচারের আশ্বাস দেন। আগামী কয়েকদিনের মধ্যে অভিযোগের শুনানি করা হবে। 

পাশাপাশি এর আগে ঢাকা মহানগর কমিটির শুনানিতে অভিযুক্ত ওই নেতা কীভাবে পার পেয়েছিল, সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আশ্বাসও দেওয়া হয়। তারপরেই ভুক্তভোগী জলি তালুকদার অনশন ভাঙেন। 

এ সময় মুজাহিদুল ইসলাম সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি’র উপদেষ্টা মঞ্জুরুল হাসান খান, দলটির প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী উপস্থিত ছিলেন।

শনিবার থেকে নিজ দলের নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে অনশন করে যাচ্ছিলেন জলি তালুকদার।
তবে এ বিষয়ে সোমবারও গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি জলি তালুকদার।