পদার্থবিজ্ঞান সায়েন্সের বিষয়গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। এটি আমাদের পরিপার্শি¦ক পৃথিবী সম্পর্কে জানতে সাহায্য করে। দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান দিতে পারে পদার্থবিজ্ঞান। অনেকের ভেতর পদার্থবিজ্ঞান নিয়ে ভীতি কাজ করে। এই ভীতি দূর করার উপায় জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসরারুল হক
মৌলিক সূত্র
পদার্থবিজ্ঞান কিছু সূত্রের সমষ্টি। সূত্রগুলোই এর মূলভিত্তি। এগুলো মনে রাখলে খুব সহজেই পদার্থবিজ্ঞানের অন্যান্য অংশ বুঝতে পারবে। তবে সূত্রগুলো মুখস্থ করার চেয়ে বুঝে আত্মস্থ করাই ভালো। তবে একটি মাইন্ডম্যাপ তৈরি করে নিলে তা ব্যবহারে সহজ হয়।
সমীকরণ
পদার্থবিজ্ঞানে বেশ কিছু সমীকরণ আছে। এর মধ্যে কিছু সমীকরণ সহজ, কিছু জটিল। তবে সহজ ও সাধারণ সমীকরণগুলো জটিল সমীকরণ বুঝতে সহায়তা করে। তাই আগে সমীকরণগুলো আয়ত্ত করতে হবে।
ডেরিভেশন
ডেরিভেটিভ পদার্থের গুরুত্বপূর্ণ অংশ। অবশ্য উচ্চতর পদার্থবিজ্ঞানেই এর বেশি ব্যবহার লক্ষণীয়। কিছু ডেরিভেটিভ বেশ জটিল ও সময় সাপেক্ষ। তাই বেসিক ডেরিভেশনগুলো ভালোভাবে শিখে নাও।
ক্লাসের আগে একনজর
ক্লাসের আগেই একবার আজকের পড়া দেখে নাও। গাণিতিক অংশটি বাদ দিলেও সমস্যা নেই। যা বুঝবে না, তা নোট করে নাও এবং ক্লাসে শিক্ষকের কাছ থেকে জেনে নাও।
এককের ব্যবহার
গাণিতিক সমস্যায় এককের ব্যবহার ভালোভাবে আয়ত্ত করতে হবে। এ ক্ষেত্রে ভুল এককের ব্যবহার পরীক্ষায় তোমার মার্কস কমিয়ে দিতে পারে। তাই এককগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
চিত্র আঁকা
চিত্রের মাধ্যমে অনুশীলন করতে হবে। যে কোনো বিষয় চিত্র ব্যবহার করে শিখলে তা খুব সহজে আয়ত্ত করা যায়।