নূরদের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভিপি নুরুল হক নূরসহ কোটা সংস্কারের আন্দোলনের ছয়জনের বিরুদ্ধে ‘ষড়ন্ত্রমূলক’ ধর্ষণে সহযোগিতা ও মিছিলে পুলিশি ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার সকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, গতকাল আমরা যখন মিথ্যা মামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি, তখন একদল রাষ্ট্রীয় সন্ত্রাস, আমাদের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের দমন করতে কাঠ, হকিস্টিক ও রড দিয়ে হামলা চালিয়েছে। ডাকসুর ভিপি নূরসহ আমাদেরকে অনেকে হাসপাতালে ভর্তি আছেন।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, তারা বলছে, আমরা নাকি পুলিশের উপর আক্রমণ করেছি। অথচ আপনারা মিডিয়ার লোকজন দেখেছেন, কীভাবে আমাদের উপর সিনেমা স্টাইলে হামলা চালানো হয়েছিল। আমরা সন্দিহান, আদৌ তারা পুলিশ বাহিনী ছিলেন, নাকি ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে আমাদের উপর ঘৃণ্য হামলা করা হয়েছিল। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমরা যদি অপরাধী হয়ে থাকি, আমরা স্বেচ্ছায় গ্রেপ্তার হতে রাজি আছি। গ্রেপ্তারের ভয় দেখাবেন না।

ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন বলেন, হামলা-মামলা এই প্রথম নয়, আরও অসংখ্য বার এ ধরনের হামলা-মামলার মুখোমুখি হতে হয়েছে আমাদের। কিন্তু শত হামলা-মামলা করেও আমাদের দমিয়ে রাখা যায় নাই। গতকাল পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বর্বরতার পরিচয় দিয়েছে। এতে এটা স্পষ্ট, সরকার আমাদের দাবায়ে রাখতে নীলনকশা তৈরি করেছে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মশিউর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক নাদিম হোসেনসহ শতাধিক নেতা-কর্মী সেখানে ছিলেন। পরে বেলা ১টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ চত্বরে এসে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।