আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সবুজ মিয়া নামে ৫ম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা জাহিদুল ইসলাম নামে অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার মোজার মেইল এলাকার মহাসড়কের পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ।

নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীর ছিল। আহত অপর কিশোর জাহিদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ জানায়, নিহত সবুজ ও জাহিদুল গ্রামের বাড়ি থেকে রাগ করে সোমবার রাতে আশুলিয়ায় সবুজের বোনের বাড়ির উদ্দেশ্যে আসে। কিন্তু বাসা খুঁজে না পেয়ে তারা আশুলিয়ার মোজারমেইল বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। পরে রাতে কয়েকজন যুবক তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরিবারের সদস্যদের কাছে ফোন করে বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এদিকে দুর্বৃত্তদের মারধরে সবুজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে একটি ভ্যানে করে হাসপাতালে উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাস্তায় সবুজ মারা গেলে ওই ভ্যান চালক গাড়িসহ তাদের রেখে পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।