করোনায় ব্যতিক্রমী কর্মপরিকল্পনায় এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক

করোনাভাইরাসের কারণে ব্যাংকিং সেক্টরের এ চিত্র ভিন্ন। গত মার্চ মাস থেকেই একে একে স্থগিত হয়েছে বিভিন্ন নিয়োগ পরীক্ষা। সরকারি-বেসরকারি ব্যাংক সমূহে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নেই বললেই চলে। অনেক প্রতিষ্ঠানই নতুন নিয়োগ তো দিচ্ছেই না; বরং লোকবল কিংবা বেতন কমাচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের জন্য সুযোগটা যেমন কঠিন হয়ে যাচ্ছে ঠিক তেমনি চাকরিরত ব্যক্তিরাও সব সময় চাকরি হারানোর ভয় নিয়ে কাজ করছেন, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে পেশাগত জীবনে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মসংস্থানের সুযোগ আগের চেয়ে কমছে এবং পরিস্থিতির উন্নতি না হলে চাকরিপ্রার্থীরা চরম হতাশায় ভুগবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। এ রকম পরিস্থিতিতে, ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক।

প্রতিষ্ঠানটি সম্প্রতি, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), ট্রেইনি জুনিয়র অফিসারসহ (সাধারণ) অভিজ্ঞ পদে বিপুলসংখ্যক জনবল নিয়োগ করছে। এ ছাড়া, এখন পর্যন্ত এ প্রতিষ্ঠানে লোকবল কমানো কিংবা কর্মকর্তাদের বেতন কমানো হয়নি বরং নিয়মমাফিক ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে।

এ বিষয়ে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং জনসম্পদ বিভাগের প্রধান মো. নাজিমউদ্দৌলা বলেন, করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অস্থিরতা তৈরি হয়েছে তা হতে আমরা শুরু থেকেই ব্যতিক্রম। আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবালের সুদক্ষ নেতৃত্বে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দূরদর্শিতায় আমরা আমাদের করণীয় ঠিক করে অগ্রসর হচ্ছি এবং এরই ধারাবাহিকতায় যখন যেখানে জনবল প্রয়োজন হচ্ছে সেখানে আমরা নিয়োগ দিচ্ছি; নিয়মমাফিক সকল কর্মকর্তা-কর্মচারীগণের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানসহ সকল প্রকার সুযোগ-সুবিধা অব্যাহত রয়েছে। করোনা সৃষ্ট মন্দা কাটাতে এবং রাষ্ট্রীয় ঋণ প্রণোদনাসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে আমরা সচেষ্ট রয়েছি।