করোনা পরিস্থিতিতে কৃষকদের সহায়তায় এগিয়ে এলো ব্র্যাক ব্যাংক। কভিড-১৯ এর প্রকোপ প্রশমনে কৃষকদের সহায়তার জন্য ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড স্টেটস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত ফিড দা ফিউচার (এফটিএফ) রাইস অ্যান্ড ডাইভার্সিফাইড ক্রপস (আরডিসি) কার্যক্রম শুরু করছে।
এ কার্যক্রম এর আওতায়, ইউএসএআইডি ফিড দা ফিউচার জোনের আওতাভুক্ত কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষি ব্যবসায়ীদের ঋণ সুবিধা প্রদান করবে ব্র্যাক ব্যাংক। ঋণ পরিষেবাগুলো ব্র্যাক ব্যাংকের ‘সেফ টাচ পয়েন্টস’ (রিটেইল আউটলেট) এবং এমএফআই চ্যানেলের সাথে অংশীদারত্বের ভিত্তিতে “প্রান্তিক কৃষকদের” প্রদান করা হবে।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন বলেছেন, আমরা কভিড-১৯ এর প্রকোপ এর পরে কৃষকদের আর্থসামাজিক জীবনযাত্রার উন্নতির উপায়গুলি মূল্যায়ন করছি। আমাদের লক্ষ্য কৃষকদের “ক্রেডিট ফর ক্রপস" আকারে আর্থিক পরিষেবা দেয়া, যা ধান-ভিত্তিক চাষ প্রক্রিয়ার মতোই লাভজনক হবে। এই অংশীদারত্বের মাধ্যমে প্রণোদনা প্যাকেজগুলির সঠিক প্রয়োগ ও দেশের কৃষিক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে আমাদেরও জ্ঞান বাড়বে।
এই প্রকল্পে এক হাজারেরও বেশি কৃষক ব্র্যাক ব্যাংকের ঋণ সুবিধার মাধ্যমে উপকৃত হবেন, যাদের ৭০ শতাংশই হবেন নারী গ্রাহক। ঋণের ২০ শতাংশ পাবেন যারা বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট; ৩০ শতাংশ পাবেন ফসল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট (যান্ত্রিকীকরণ সহ) উদ্যোক্তা এবং ৫০ শতাংশ ঋণ সুবিধা পাবেন যারা ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা, ব্যবসায়করণ ও বাজার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট এমন উদ্যোক্তা।
ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত ফিড দা ফিউচার (এফটিএফ) রাইস অ্যান্ড ডাইভার্সিফাইড ক্রপস (আরডিসি) অ্যাক্টিভিটির চিফ অব পার্টি কুয়ান ওপারম্যান বলেছেন, এই কঠিন সময়ে কৃষকদের সহায়তা প্রদানে ব্র্যাক ব্যাংকের সাথে কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা মনে করি যে এই উদ্যোগটি কৃষকদের কাছে আর্থিক প্রাপ্যতা বিস্তারে আমাদের প্রথম পদক্ষেপ।
আরডিসি অ্যাকটিভিটি পরিচালনা করছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গ্লোবাল ডেভলপমেন্ট ডিজাইন এবং ডেলিভারি পার্টনার এসিডিআই/ভোকা।