কপিরাইট আইনের সংস্কারের প্রস্তাবনা কণ্ঠশিল্পী পরিষদের

২১ সেপ্টেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রারের বৈঠক। কণ্ঠশিল্পীরা তাদের কপিরাইট বিষয়ক নানা প্রশ্ন করেন রেজিস্ট্রার কে, রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী সেই সব প্রশ্নের উত্তর দেন।

সংগীতশিল্পী নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর পক্ষে বিভিন্ন দাবী নামা তুলে ধরেন সংগঠনের অপর যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘সংগীত শিল্পীদের স্বার্থ রক্ষায় এখনই সময় কপিরাইট আইনের যথাযথ সংস্কারের।’ ২০২০ এর সংশোধিত কপিরাইট আইনে সকল শিল্পীদের অধিকার সংরক্ষণ করার দাবি জানান তিনি।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ফাতেমা তুজ জোহরা, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রুমানা মোরশেদ কনকচাঁপা, প্রীতম আহমেদ ও জয় শাহরিয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন মইদুল ইসলাম খান শুভ, সাব্বির জামান ও কিশোর দাস।

সভায় সিদ্ধান্ত হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ নতুন কপিরাইট আইনে নিজেদের প্রস্তাবনা কপিরাইট অফিসে প্রদান করবে।