গুলশানে দেহ ব্যবসার দায়ে আরও ১০ জন গ্রেপ্তার

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে দেহ ব্যবসার দায়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের নাভানা টাওয়ারে ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসেজ’ নামক প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার রাতে গুলশানের আপেল থাই স্পা ও ছোয়া বিউটি পার্লারে একই অভিযোগে নারী-পুরুষসহ ২৮ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসেজে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী নারীদের নিয়ে এসে দেহ ব্যবসা করানো হচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালিয়ে ৫জন পুরুষ ও ৫ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই তারা বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছে।