চালককে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের ৫ সদস্য আটক

গাজীপুরে চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের পর অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

গত সোমবার রাতে মহানগরীর জোলারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- মো. আবদুল্লাহ আল ফয়সাল (১৯), মেহেদী হাসান মোস্তাকিম (১৮), মো. আসলাম হোসেন (১৮), মো. সজিব মিয়া (১৮) ও মো. আলমগীর হোসেন (১৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি ব্যাটারিচালিত অটোরিকশা, চাপাতি ও চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত সোমবার রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ডাকাতরা জোলারপাড় যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাযোগে ইপসা গেটে আসার পর চালককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে র‌্যাব জোলারপাড় এলাকা থেকে ডাকাতদের আটক করে এবং অটোরিকশাটি উদ্ধার করে।