শ্রমিকের বেতন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আট মাসের বকেয়া বেতনের দাবিতে ‘এ ওয়ান বিডি লিমিটেডের’ শ্রমিকদের অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘১১০০ শ্রমিক এই করোনা মহামারীকালে আট মাস ধরে বেতন পান না। শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে পারেন না, আপনারা সরকারে আছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। এই শ্রমিকের ট্যাক্সের টাকায় আপনাদের সরকার চলে। আপনাদের বেতন হয়। কিন্তু এই শ্রমিকরা কাজ করে আট মাস বেতন পায় না। আপনারা সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘এই কোম্পানির বিদেশি মালিক মারা গেছেন। আপনারা ইপিজেড করেছেন, বেপজা করেছেন। বেপজার কর্তৃপক্ষ আছে, আইন আছে। এই কারখানার ভবিষ্যৎ কী হবে, সেই অনুযায়ী শ্রমিকের বেতন আটকে থাকবেএটা কোনো আইন হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে এই শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে হবে।’