প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পাবনা- ৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি।
সিইসি কে এম নুরুল হুদা আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাত মুক্ত থেকে সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করতে নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধেই প্রার্থীরা অভিযোগ করেনি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। আমরা সকল প্রার্থীর সঙ্গে কথা বলব, যে কোনো মূল্যে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, উপনির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন।