ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুনকে অব্যাহতি

হাসান আল মামুনকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়কের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মামুনসহ পরিষদের চার নেতা-কর্মীর বিরুদ্ধে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণ ও ধর্ষণ সহযোগিতার দায়ে লালবাগ ও কোতোয়ালি থানায় দুটি অভিযোগ করেছেন। সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নিরূপণে এবং সুষ্ঠু ও ন্যায়বিচারের স্বার্থে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও রাফিয়া সুলতানা।

কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিকট প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।  

মুহাম্মদ রাশেদ খাঁন দেশ রূপান্তরকে বলেন, ধর্ষণ মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের স্বার্থে হাসান আল মামুন অব্যাহতিতে সম্মত হয়েছেন। সংগঠনের সার্বিক কাজ আগের মতোই চলবে। 

তিনি বলেন, ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কেউ দায়িত্ব পালন করবে কি না সেটা পরে জানান হবে।

উল্লেখ্য, ধর্ষণ ও ধর্ষণ সহযোগিতার ওই মামলার প্রধান আসামি হলেন হাসান আল মামুন। অন্য আসামিরা হলেন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।