জেহাদীকে মুক্তি না দিলে সড়ক-রেল-নৌপথে হরতাল: আহলে সুন্নাত

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আলাউদ্দিন জেহাদীকে মুক্তি না দিলে নারায়ণগঞ্জে সড়ক-রেল-নৌপথ অবরোধ করে হরতাল পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ।

আলাউদ্দিন জেহাদীর মুক্তির দাবিতে ২বুধবার বিকেলে নগরীর প্রেসক্লাব ভবনের সিনামুন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন হামেদী।

তিনি বলেন, ষড়যন্ত্রের শিকার আলাউদ্দিন জেহাদি। উগ্রবাদীরা আজ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যার প্রমাণ রয়েছে ফেসবুকে। তাদের মধ্যে কেউ কেউ বলেছে আল্লামা শফীকে মারতে তারাই যথেষ্ট, নিজেদের মাদ্রাসায় তাণ্ডবলীলা চালিয়েছে। আলাউদ্দিন জেহাদির নামধারী আইডি দিয়ে কটূক্তি করা হয়েছে। যা তিনি করেননি, বরং এর জন্য ক্ষমাও চেয়েছেন। তবুও তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। সরকারের কাছে আবেদন, যাতে অতি দ্রুত মুক্তি দেওয়া হয় আলাউদ্দিন জেহাদিকে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাকিম আলী জামে মসজিদের খতিব মাওলানা গাজি তামিম বিল্লাহ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মসজিদের খতিব মাওলানা ইকরাম হোসেন খান, মাওলানা জামাল উদ্দিন নূরী, মাওলানা বদরুল আলম আল কাদেরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু নাসের মুসাসহ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ।

এর আগে সদ্য প্রয়াত আল্লামা শফিকে নিয়ে ফেসবুকে কটূক্তির মামলায় ১ দিনের রিমান্ড শেষে আহলে সুন্নাত নেতা মুফতি আলাউদ্দিন জেহাদীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।