বলিউড স্টার ইরফানের মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার ভক্তরা। স্বজন-বন্ধুদের জন্য তো সেটা আরও কঠিন। ইরফান কেবলমাত্র একজন শক্তিশালী অভিনেতাই ছিলেন না, মানুষ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা চন্দন রায় সান্যালের কাছে এখনো মনে হয় ইরফান দূরে কোথাও যাননি, আশপাশেই কোথাও রয়ে গেছেন।
তার কবরে গিয়ে, সেই অনুভূতিই আরও তীব্র আকার ধারণ করে। অল্পদিনেই সবুজে ছেয়ে গেছে পুরো কবর। চোখ জুড়ানো এই দৃশ্য দেখে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে চন্দন রায় সান্যালের জন্য। টুইটারে নিজের অনুভূতির কথা এভাবেই তুলে ধরেছেন তিনি-
‘গতকাল থেকে ইরফানকে খুব মনে পড়ছিল, চার মাসেও তার কবরে যেতে পারিনি ভেবে নিজের ওপর ভীষণ রাগ হচ্ছিল। আজ গেলাম, দেখি সেখানে সে একা ঘুমিয়ে আছে, গাছেদের সাথে। নীরবতার মাঝে। আমি তাকে রজনীগন্ধা দিয়ে এসেছি, আর তার কিছু অংশ আমার সাথে নিয়ে এসেছি।’
So long #IrrfanKhan," হ্যাশ ট্যাগ দিয়ে টুইটারে এই পোস্ট করেন চন্দন।
এদিকে, ইরফান অভিনীত বহুল প্রশংসিত চলচ্চিত্র, দা লাঞ্চবক্স মুক্তি পাওয়ার ৭ বছর পূর্তিতে, তার সহ অভিনেতা নিমরাত কাউর বলেন, ইরফানের মতো অভিনেতার সাথে অভিনয় করতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মান।