রাজশাহী শিক্ষা বোর্ড

সাবেক চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও সাবেক সচিব ড. আনারুল হকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে তিনটি মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে বোর্ডের বিভিন্ন স্থাপনা মেরামত, সংস্কার ও নির্মাণকাজের নামে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বোর্ডের উপসচিব (ভা-ার) সেলিনা পারভীন (৫৩), নেসার উদ্দিন আহম্মেদ (৫২), উপবিদ্যালয় পরিদর্শক মানিক চন্দ্র সেন (৪৮), সহকারী প্রোগ্রামার ফরমান আলী (৪৬), নিরাপত্তা কর্মকর্তা গোলাম ছরওয়ার (৫১), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক (৫১), ঈমাম আবুল হাশেম মো. রহমতুল্লাহ (৪৫), ডাটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর আজহার আলী (৩৬), ঠিকাদার শওকত আলী (৫৪), ইসরাফিল হোসেন (৩৩), রওশন রেজভী আলম (৪৩) ও রিপন রায় কুশ (৩৫)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাগুলো করা হয়। এর মধ্যে একটি মামলায় ৮ লাখ ৯১ হাজার ২৭৪, একটিতে ৩ লাখ ৯৬ হাজার ৪২৫ এবং অপরটিতে ৫ লাখ ৫৭ হাজার ১৩২ টাকাসহ মোট ১৮ লাখ ৪৪ হাজার ৮৩১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।