আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আলাউদ্দিন জিহাদীকে মুক্তি না দিলে নারায়ণগঞ্জে সড়ক-রেল-নৌপথ অবরোধ করে হরতাল পালন করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে গতকাল বুধবার বিকেলে নগরীর প্রেস ক্লাব ভবনের সিনামুন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন হামেদী বলেন, আলাউদ্দিন জিহাদীর নামধারী আইডি দিয়ে কটূক্তি করা হয়েছে; যা তিনি করেননি, বরং এর জন্য ক্ষমাও চেয়েছেন। তবুও তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাকিম আলী জামে মসজিদের খতিব মাওলানা গাজী তামিম বিল্লাহ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মসজিদের খতিব মাওলানা ইকরাম হোসেন খান, মাওলানা জামাল উদ্দিন নূরী, মাওলানা বদরুল আলম আল কাদেরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু নাসের মুসাসহ জেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা।