খাগড়াছড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে বুধবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী নারীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই বাড়ির মালিক অসুস্থ বিন্দু লাল চাকমার অভিযোগ, সবাই যখন ঘুমে আচ্ছন্ন; তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে সবার হাত পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট শুরু করে।
থানায় এজাহার দিতে যাওয়া বিন্দু লাল চাকমার স্ত্রী জানান, ডাকাতরা সংখ্যায় নয়জন ছিল। প্রায় সমবয়সী ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৬) হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করেছে। এ সময় তারা কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।