খুলনার তেরখাদা উপজেলার দক্ষিণ কুশলা গ্রামে এক ব্যক্তির বসতভিটা দখল করতে তার কিশোরী মেয়েকে প্রভাবশালী কতিপয় প্রতিবেশী ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তেরখাদার দক্ষিণ কুশলা গ্রামের অলিদ মোল্লা। এ ঘটনায় খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন তিনি। এতে ৮ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলিদ মোল্লা অভিযোগ করে জানান, স্থানীয় সেলিম খাঁ (৪৫), আলী খাঁ (৫০), আকিজুর খাঁ (৪০), টিটো খাঁ (৩০), মিজান খাঁ ও নশু খাঁ দীর্ঘদিন ধরে অলিদ মোল্লার সঙ্গে ঝগড়া বাধিয়ে তাকে ও তার স্ত্রী-কন্যাকে মারপিট করে। পরে তিনি বুঝতে পারেন তার পৈতৃক সম্পত্তি দখলের জন্যেই নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর সকালে কুশলা বাজারে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে আসামিরা। একপর্যায়ে তাকে মারপিট করে ফেলে রেখে যায়। এ সময় তারা অলিদ ও তার মেয়ের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে তার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় গেলে পুলিশ মামলা নেয়নি।
এ বিষয়ে তেরখাদা থানার ওসি মো. গোলাম রব্বানী বলেন, তিনি কারও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও ধর্ষণের অভিযোগ পাননি। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।