খুলনায় চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে গণমিছিল ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে জনতা মার্কেটের সামনে এক পথসভায় শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবি জানায় বক্তারা।
পথসভায় সভাপতিত্ব করেন ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালি জুট মিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
মহসেন জুট মিলের ৩৪৭ শ্রমিক ও ৫০ কর্মচারীর মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। ২০১৪ সালে মিলটি স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে, ২০১৩ সালের ১৯ জুলাই এক দাপ্তরিক আদেশের মাধ্যমে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারীকে ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট, গ্র্যাচুইটির পাওনাদি পরিশোধের কথা থাকলেও দীর্ঘ ছয় বছরেও তা করা হয়নি।