৪ বগি লাইনচ্যুত না.গঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় নারায়ণগঞ্জের দুই নম্বর রেলক্রসিং অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল কর্র্তৃপক্ষ জানিয়েছে, লাইন সচল করতে ঢাকা থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।

যাত্রীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে বেলা পৌনে ১১টার দিকে একটি লোকাল ট্রেন ছেড়ে আসে। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনে যাত্রী নামিয়ে দুই নম্বর রেলগেইট অতিক্রম করে এক নম্বর রেল গেইটের মাঝামাঝি অবস্থানে গিয়ে পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে কিছুটা হেলে পড়ে। এ সময় তারা হুড়োহুড়ি করে নেমে পড়েন। চারটি বগি লাইনচ্যুত হলেও উল্টে না যাওয়ায় কেউ হতাহত হয়নি। যদি উল্টে যেত তাহলে অনেক হতাহত হওয়ার আশঙ্কা ছিল বলেও জানান যাত্রীরা।