আকাশে শয্যা পেতে ঘুমালেন প্যারাগ্লাইডার

আকাশে ওড়ার কথা ভেবেছেন অনেকে, আর সেই ভাবনা মানুষকে বিমানে চড়িয়েছে। তবে, আকাশে উড়তে উড়তে ঘুমিানোর কথা কেউ ভেবেছেন কিনা আমাদের জানা নেই।

তুরস্কের হাসান কাভাল নামের এক প্যারাগ্লাইডার আলানিয়ায় যা করলেন তা হয়তো কেউ স্বপ্নেও ভাববেন না।

হাসান কাভাল প্যারাসুটে বিছানা বেঁধে আকাশে উড়ে গেলেন। আর সেখানে তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলেন। তার ইউটিউব চ্যানেলে এই স্টান্টের কাটছাঁট করা মিনিট পাঁচেকের একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে হাসান ও তার টিম প্রস্তুতি নিচ্ছে, বিছানায় শুয়ে কী ভাবে আকাশে উড়ে ফের নীচে নেমে আসছেন।

একাধিক ক্যামেরায় গোটা স্টান্টটি রেকর্ড করা হয়েছে। ভিডিওর বেশির ভাগ অংশ বিছানা-প্যারাসুটের সঙ্গে লাগানো ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ড্রোন এবং মাটি থেকে তার টিম মেম্বারদের রেকর্ড করা ফুটেজও রয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান একটি বিছানায় শুয়ে রয়েছেন। সেই বিছানার সঙ্গে আবার দু’টি সাইড টেবলও রয়েছে। তার একটির উপর রাখা ল্যাম্প আর একটিতে খালি ফটো ফ্রেম অথবা আয়না ছিল। বিছানাতে একটি পুতুলও ছিল, এটি হয়তো রোজ ঘুমনোর সময়ে হাসান সঙ্গে করে শুতে যান, তাই আকাশে ঘুমোতে যাওয়ার সময়েও সেটি নিয়ে গিয়েছিলেন।

সাত জন মিলে এবার প্যারাসুটে বাঁধা বিছানা সমেত হাসানকে কাঁধে তুলে দৌড়াতে থাকেন। যখনই প্যারাসুট হাওয়া ধরে নেয় তাকে ছেড়ে দেন বাকিরা। হাসান প্যারাসুটের দড়ি ধরে সেটিকে নিয়ন্ত্রণ করতে করতে কয়েশো ফুট উপরে পৌঁছে যান। তার প্যারাসুটের সঙ্গে আটকানো ক্যামেরার নীচের ঘরবাড়ি, সমুদ্র, সৈকত ধরা পড়ছিল।

প্যারাসুটের সঙ্গে বিছানা বাঁধা অবস্থায় হাসান আকাশে প্রায় ১৫ মিনিট কাটান। এক সময়ে তিনি ঘড়িতে অ্যালার্ম সেট করে চোখে ঢাকা নিয়ে শুয়ে থাকেন। তিনি নাকি সেখানে কিছুক্ষণ ঘুমিয়েও গিয়েছিলেন বলে পরে জানান। আকাশে ঘুমনোর আরাম অনুভব করার জন্য এই স্টান্ট বলে জানিয়েছেন তিনি।