একটি কার্যকর ভ্যাকসিন গণহারে ব্যবহার হওয়ার আগেই করোনাভাইরাসে (কভিড-১৯) ২০ লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সি হেড মাইক রায়ান এমনটাই আশঙ্কা করছেন বলে জানিয়েছে বিবিসি।
সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ছাড়া মৃতের এই সংখ্যা আরও বেশি গিয়ে ঠেকতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
বিবিসি জানায়, গত বছরের শেষের দিকে চীনে প্রথমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বে ১০ লাখের মতো মানুষ মারা গেছেন। সংক্রমণ বাড়ছে। শনাক্ত ৩ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে।
এদিকে উত্তর গোলার্ধে শীত মৌসুম ঘনিয়ে আসতেই ওই অঞ্চলের দেশগুলোতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এই তিনটি দেশেই দেড় কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ওয়ার্ল্ডো মিটারের শনিবার সকালের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় ৯ লাখ সাড়ে ৯৩ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪১ লাখ ৭৮ হাজারের বেশি।