জ্ঞান ফিরলেও ভেন্টিলেটর সাপোর্টে হায়দার আনোয়ার খান জুনো

ভেন্টিলেটর সাপোর্টে থাকা কমিউনিস্ট নেতা মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর জ্ঞান ফিরেছে। তবে ‘সেপটিক শক’ অবস্থায় আছেন তিনি।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তার মেয়ে অনন্যা লাবণী পুতুল দেশ রূপান্তরকে এ কথা জানান।

তিনি বলেন, ‘বাবা স্কয়ার হাসপাতালের নন-কভিড বিভাগের আইসিইউ’তে আছেন। একাধিকবার করোনা পরীক্ষা করা হয়েছে। বাবার করোনা নেগেটিভ এসেছে। অক্সিজেন মাত্রা অস্বাভাবিক ছিল, সেটা এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে। প্রেশারের মাত্রাও স্বাভাবিক হচ্ছে।’

‘তবে নিউমোনিয়ার কারণে ইনফেকশন লেবেল বেড়ে গেছে। এটাই এখন সমস্যা। আজকে ভেন্টিলেটর খুলে একবার ট্রাই করবেন চিকিৎসকেরা। তারপর ভেন্টিলেটর পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবেন’ যোগ করেন পুতুল।

তিনি আরও জানান, “উনার সেন্স ফিরে এসেছে। রেসপন্স করছেন। এখনো ‘সেপটিক শক’ অবস্থায় আছেন।”

নিউমোনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী হায়দার আনোয়ার খান জুনোকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত কয়েক দিন তার অবস্থা ‘তুলনামূলকভাবে স্থিতিশীল’ থাকলেও বৃহস্পতিবার ভোরে পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।