স্ত্রীকে নির্যাতনের মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
শনিবার রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শুক্রবার শওকত আলি ইমনকে তার স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর রমনা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়।’
উল্লেখ্য, শওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৭ বছর একসাথে সংসার করা পর ২০১২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১৩ সালে তিনি জিনাত কবীরকে বিয়ে করেন। সেই সংসারও টেকেনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃতীয় বিয়ে করেন। তার নতুন স্ত্রীর নাম হৃদিতা রেজা।
পুলিশ জানিয়েছে, হৃদিতা রেজা শওকত আলী ইমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।