মারা গেছেন চবি’র সাবেক উপাচার্য নূরুদ্দীন চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নূরুদ্দীন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ অধ্যাপক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর টেস্ট রেজাল্ট নেগেটিভ এলেও এ সংক্রান্ত নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নূরুদ্দীন চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক এস এম সালামত উল্ল্যা ভূঁইয়া।

তিনি বলেন, “স্যারের করোনা হয়েছিল। পরে করোনা নেগেটিভ হলেও করোনা থেকে তার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। করোনা সংক্রমণের কারণে যে অক্সিজেন স্যাচুরেশান ফল্ করেছিল, এটা আর ইম্প্রুভ হয়নি।”

রবিবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি কম (অনার্স), ১৯৭০ সালে এম কম এবং ১৯৭৭ সালে ডরহাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে এমএসসি সম্পন্ন করেন। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চবি’র উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।

স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন নূরুদ্দীন চৌধুরী।