অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মাহবুবে আলম এ দেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ মুক্ত হলেও এক সপ্তাহ আগে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭৫ সালে হাই কোর্টে আইন পেশায় যুক্ত হন।