যারা সভা করেছেন তারা গণফোরাম থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন: কিবরিয়া

শনিবার গণফোরামের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে বর্ধিত সভায় যারা উপস্থিত ছিলেন তারা কার্যত গণফোরামের রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। রবিবার তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন রেজা কিবরিয়া। 

তিনি বলেন, আমরা গভীর অনুতাপের সাথে লক্ষ্য করছি যে গণফোরাম এর কতিপয় সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সচেষ্ট হয়েছেন। গণফোরাম এর পদ-পদবীহীন কিছু সদস্য দলীয় সিদ্ধান্ত ছাড়াই দলের নাম ব্যবহার করে একটি সভা অনুষ্ঠান করেন, যেটিকে তারা ভুলভাবে গণফোরামের সভা হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, যারা দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত মানতে চান না তারা স্বেচ্ছায় দল ছেড়ে যেতে পারেন, কিন্তু দলের সঙ্গে সংশ্লিষ্টতার মিথ্যা দাবি করে তাদের কাউকে বিভ্রান্ত করা উচিত নয়। বাংলাদেশের প্রতিটি বড় রাজনৈতিক দলের দলীয় শৃঙ্খলা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। অতীতে যারা ক্রমাগত গণফোরামের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে দল তাদের ক্ষমা করে দেবে সে আশা করা উচিত নয়।