কালিয়া কেরানীগঞ্জ মান্দায় গৃহবধূসহ ৩ জনকে হত্যা

নড়াইলের কালিয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তরা গৃহবধূকে খুন করেছে জবাই করে। নওগাঁর মান্দায় জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় নিহত হয়েছেন বড় ভাই। কেরানীগঞ্জের বুড়িগঙ্গার জিনজিরা থানার ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত তরুণের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নড়াইল : কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে আরিফ খন্দকার (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরু খন্দকারের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বালুর ব্যবসা করতেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আরিফ জামরিলডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আলফু মিস্ত্রির বাড়ির কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে এলোপাতাড়ি কোপায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় গত শনিবার রাতে দুর্বৃত্তরা ফাতেমা (২৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে। উপজেলার শাক্তা ইউনিয়নের জিয়ানগর এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

এদিকে বুড়িগঙ্গা নদীর জিনজিরা থানার ঘাট এলাকা থেকে গত শনিবার রাতে অজ্ঞাত তরুণের ভাসমান লাশ উদ্ধার করেছে বরিশুর নৌথানা পুলিশ।

নওগাঁ : মান্দায় পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই বয়েজ উদ্দিন (৭১) মারা গেছেন। এ ঘটনায় ছোট ভাই ও ভাতিজাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বয়েজ উদ্দিন চকগৌরী সোনাপাড়া গ্রামের মৃত জেহের আলীর ছেলে। আটকরা হলেন ছোট ভাই হাবিবুর রহমান (৬২) ও সুলতান আহম্মেদ (৩২)।